তারুণ্যের ছোঁয়ায় তৈরি নকশা
নকশার এ আয়োজনে নবীন চার ফ্যাশন ডিজাইনারের নকশা করা চারটি পোশাক তুলে ধরা হয়েছে। তাঁদের ডিজাইনে আছে তারুণ্যের ছোঁয়া। এবারের ঈদে চাইলে এই নকশাগুলো দেখে পোশাক বানিয়ে নিতে পারেন। নকশার পাঠকদের জন্য ডিজাইনার রিফাত রেজা, ফারাহ দিবা, আফসানা ফেরদৌসী ও এ বি ওয়ালি আহমেদ বানিয়েছেন এই পোশাকগুলো। পরিবেশবান্ধব স্কার্ট ডিজাইনার: আফসানা ফেরদৌসী লম্বা স্কার্টের বেশ চল দেখা যাবে ঈদে। তবে স্কার্ট বানাতে কাপড় লাগবে বেশ কয়েক গজ। কারণ বেশি পরিমাণে ঘের দেওয়া, স্প্লিট ও লেয়ার দেওয়ার মাধ্যমেই তৈরি করা হবে স্কার্টগুলো। কোমরের ওপর থেকে পরা হবে (হাই ওয়েস্ট)। টপের কাটেও বেশ ভিন্নতা দেখা যাবে। সাদা রঙের স্কার্টটিতে সিল্কের কাপড় ব্যবহার করা হয়েছে। ভেতরে লাইনিং হিসেবে দেওয়া হয়েছে তাঁতের কাপড়। টপের গলার কাটটা বোট নেক। হাতা কনুই পর্যন্ত লম্বা। ঢিলেঢালা ফিটিংয়ে কেপ হাতার কাট দেওয়া হয়েছে। টপটাও তৈরি করা হয়েছে ঢিলেঢালা কাটে। বেঁচে যাওয়া কাপড়ের টুকরো দিয়ে টপের ফুলগুলো করা হয়েছে। আফসানা ফেরদৌসী বলেন, ‘আমি সব সময় পুনর্ব্যবহার (রিসাইকেল) করি। স্কার্টে স্প্লিট ব্যবহার করেছি। এবারের ঈদের সময় গরম থাক...